বরিশাল নগরীর ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের মামলা দায়ের করেছেন ওয়ার্ড কাউন্সিলর। নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিছুর রহমান বাদী হয়ে সোমবার একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিকসহ তার ২০ সহযোগীর বিরুদ্ধে এই মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিছুর রহমান মামলা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
অপর আসামিরা হচ্ছে শাওন হাওলাদার, সাগর হাওলাদার, রুবেল খান, হাসান হাওলাদার, মিজান ফরাজী, আউয়াল খান, শাহান শিকদার, নজরুল হাওলাদার, মন্টু দাস, হাসান হাওলাদার, রানা, জামাল, পারভেজ ও জাফর। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫/৭জন।
মামলার এজাহারে বলা হয়, বাদী নগরীর রূপাতলীর লালা দীঘির পাড় এলাকায় ডিক্রি এবং বিএস রেকর্ড মূলে তফসিলি সম্পত্তির মালিক। ওই জমিতে থাকা দীঘিতে রুই, কাতলা, মৃগেল, কালী বাউশ, তেলাপিয়া ও কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছ চাষ করেন। গত ৭ নভেম্বর আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দীঘি থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। বাধা দিলে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে সাক্ষীদের পিটিয়ে আহত করে।
গত কয়েক দিনেও স্থানীয়ভাবে বিষয়টির ফয়সালা করতে না পেরে আদালতে প্রতিকার চাওয়ার কথা মামলায় উল্লেখ করেন বাদী।
তবে মাছ লুটের অভিযোগ অস্বীকার করে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই মামলা করেছেন ওয়ার্ড কাউন্সিলর। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।








