মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলা কাটার দায়ে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে ওই এলাকায় টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তির প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক।
অভিযানে উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান রাতে বলেন, ‘পাহাড়-টিলা কাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।’








