কক্সবাজারের রামুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. নুরুল আজিম (২৮) নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রামু উপজেলার কলঘর বাজারের আলী আহমদ সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে রামু হাইওয়ে ক্রসিং থানার এসআই মো. মুজিবুর রহমান জানান, সকালে বালুবাহী একটি ট্রাক চকরিয়া খুটাখালী থেকে টেকনাফ যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মামুন মিয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আজিম মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনরা ময়নাতদন্ত না করার অনুরোধ করলে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাফনের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








