গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব প্রতাপ গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আসামি আল-আমিন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযুক্ত আসামি আল-আমিন মিয়াকে আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার আল-আমিন মিয়ার বাড়ি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব প্রতাপ গ্রামে। আল-আমিন ওই গ্রামের একাব্বর মিয়ার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, প্রায় চার মাস আগে ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিষয়ে বিরোধ সৃষ্টি হয়। সে সময় মীমাংসার চেষ্টা করেন আল-আমিন। স্বামী কাজের সন্ধানে ঢাকায় গেলে ১৫ নভেম্বর রাতে গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে আল-আমিন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ধর্ষণের শিকার গৃহবধূর মামলার পরেই অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আল-আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালে ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর নিজ ইচ্ছায় গৃহবধূ তার নানির সঙ্গে চলে গেছেন।








