নরসিংদীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনভর জেলার সাতটি থানা এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে জেলার সাতটি থানা নরসিংদী সদর, পলাশ, মাধবদী, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে (ওসি) মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।








