দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে এক কেজি ৮শ' গ্রাম গাঁজাসহ জাকিরুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা অন্যজন পালিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের অদূরে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। আটক জাকিরুল ইসলাম হিলির ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, 'ভারতীয় ট্রাক থেকে গাঁজা নেমে দেওয়া হচ্ছে- গোয়েন্টা সংস্থার এমন রিপোর্টের ভিত্তিতে পুলিশের একটি দল হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের অদূরে অবস্থান নেয়। এসময় বন্দরে পণ্য খালাস করে ভারতে ফেরার সময় দেখা যায় ভারতীয় একটি ট্রাক থেকে কী যেন নামিয়ে দেওয়া হচ্ছে। এরপর ধাওয়া দিয়ে জাকিরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়, অপর একজন পালিয়ে যায়। জাকিরুলের কাছ থেকে দুটি পোটলার ভেতরে থাকা ১ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।'








