ফেনী সদরের বালিগাঁও এলাকার চাঞ্চল্যকর আমজাদ হোসেন বাবলু হত্যার একমাত্র আসামি আবু ইউসুফকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন নেছা এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ ও বাদী পক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘২০১৪ সালের ১৩ নভেম্বর প্রকাশ্যে বাজারে বাবলুকে (৩৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় তার বড় ভাই আমির হোসেন রিপন বাদী হয়ে ফেনী মডেল থানায় ইউসুফ নামে একজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি ইউসুফকে গ্রেফতার করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’
২০১৫ সালের ৩১ ডিসেম্বর মামলাটি তদন্ত শুরু করে পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগ গঠন হয়। এ ঘটনায় এসআই গোলাম কিবরিয়া, এসআই সাজিদ কামাল, ডা. প্রদীপ কুমার, বিচারক আলমগীর ফারুকীসহ ১৩ জন চলতি বছরের ১৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণ এবং ২৯ নভেম্বর যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।








