গাজীপুরের শ্রীপুরে প্রেমিকাকে ধর্ষণের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। অপর একটি ঘটনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুটি ঘটনায় সোমবার (৭ ডিসেম্বর) শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
ভিকটিমের ভাষ্য ও শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে তৌহিদুল হাসান রাকিব (২৫) ভিকটিমের (১৮) সঙ্গে গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই সম্পর্কের সুযোগে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িন অভিযুক্ত রাকিব। পরে বিয়ের দাবি জানালে রাকিব তালবাহানা শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়। গত ১৮ আগস্ট এমসি বাজার এলাকার একটি বাসায় অভিযুক্ত রাকিব ভিকটিমকে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করেন। ৫ ডিসেম্বর শনিবার আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এদিকে, গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা প্রকাশ করা হলে ১৫ জন লোক নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৭ ডিসেম্বর) ভাংনাহাটী গ্রামের রফিকের ছেলে সেলিম (৩০), মৃত কলিম উদ্দিন ড্রাইভারের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে পরান মিয়াকে (২৬) অভিযুক্ত করে নির্যাতনের শিকার গৃহবধূ শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, উভয় ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। থানার দু’জন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছেন বলে জানান তিনি।








