যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে আসা বরিশাল নগরীর কাউনিয়ার হেলাল হোসেন মৃধা হত্যা মামলার আসামি শিশু অপরাধী মাইনুর রহমান সাকিবকে আবারও শিশু কেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সাকিব বরিশালের শিশু আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করে। তবে আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আবেদন নামঞ্জুর করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সাকিব কাউনিয়ার শায়েস্তাবাদের আটহাজার মুন্সিবাড়ির মৃত মোস্তফা মুন্সির ছেলে। বর্তমানে সে নগরীর পুরানপাড়া এলাকার কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, হেলাল হোসেন মৃধা হত্যা মামলায় এ বছরের সেপ্টেম্বর মাসে গ্রেফতারের পর বরিশাল আদালত থেকে সাকিবকে যশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ৬ ডিসেম্বর সেখানকার তিন শিশু অপরাধীর সঙ্গে সাকিব জানালা ভেঙে পালিয়ে যায়। তবে অন্য কোথাও না গিয়ে সাকিব বরিশাল নগরীতে তার বাসায় আসে। এরপর সাকিবের মা ছেলেকে বুঝিয়ে ফের আদালতে আত্মসমর্পণ করান।
বেঞ্চ সহকারী আরও জানান, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর পুরানপাড়া মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাকিবের সঙ্গে হেলাল হোসেন মৃধার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাকিব হেলালের কানের নিচে ঘুষি মারে। এতে হেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দিন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় সাকিবকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নুপুর বেগম। দায়ের করা মামলার আসামি শিশু অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।







