বিস্কুট খাওয়া নিয়ে ঝগড়ার জের ধরে যশোর শহরতলীর বিরামপুরের মেহেদী হাসান সাগর (২৪) বন্ধুর হাতে খুন হয়েছেন। এই ঘটনায় আটক নিহতের বন্ধু আল আমিন ইসলাম নয়ন (১৯) বুধবার (৯ ডিসেম্বর) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমীনের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) গভীর রাতে শহরের বারান্দিপাড়া খেজুরবাগান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই সদস্যরা। একইসঙ্গে তার দেওয়া তথ্য মতে, হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
এর আগে, ৮ ডিসেম্বর সকালে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার কাউন্সিলর মোকসিমুল বারী অপুর বাড়ির সীমানা থেকে রাজমিস্ত্রি মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের বাবা এসকে হানিফ কোতোয়ালি থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমীন জানান, পিবিআই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিরামপুর পশ্চিমপাড়া ফকিরের মোড় মসজিদ এলাকার আল আমিন ইসলাম নয়ন ওই হত্যাকাণ্ডে জড়িত। এরপর অভিযান চালিয়ে তাকে শহরের বারান্দিপাড়া খেজুরবাগান এলাকা থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে বারান্দিপাড়া বটতলা এলাকার মনিরের গবাদিপশুর খামারের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
নয়ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মেহেদী হাসান সাগরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করত। গত ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়নের মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে সাগর। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে ওইসময় বিষয়টি মীমাংসা হলেও নয়ন ক্ষোভ মেটাতে সাগরকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে নানা প্রলোভন দেখিয়ে সাগরকে ঘোপ জেলরোডে অপু কাউন্সিলরের বাড়ির পশ্চিমপাশে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ সুপার রেশমা শারমীন জানান, নয়ন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








