দশম শ্রেণির এক শিক্ষার্থীকে রাস্তা থেকে অপহরণচেষ্টার সময় মাসুদ মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (৯ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর গ্রামের ফুলতুলি নামক স্থানে এ ঘটনা ঘটে। মাসুদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের কাদির মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে দশম শ্রেণির ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়িতে যাওয়ার পথে চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর এলাকার ফুলতলি নামক স্থানে ওঁৎ পেতেছিল মাসুদ মিয়া (২১)। সেখানে ইভটিজিং করে ওই শিক্ষার্থীর পথরোধ করে সে।এরপর কিশোরীকে সে প্রেম নিবেদন করে। মেয়েটি রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মাসুদ। এ সময় কিশোরীর চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। তারা মেয়েটিকে উদ্ধার এবং ওই যুবককে আটক করে। পরে ওই কিশোরীর বাবা খবর পেয়ে পুলিশের জরুরি কল সার্ভিস ৯৯৯-এ ফোন করে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওই বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।
ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, ‘আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে ওই বখাটে। আমার মেয়ের সাথে যা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। আমি এ ঘটনার বিচার চাই।’
ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক বকুল জানান, পাশের ইউনিয়ন চান্দুরার এক জনপ্রতিনিধি (মেম্বার) ঘটনাস্থল থেকে আমাকে বিষয়টি জানান। আমিও পুলিশকে খবর দেই। পরে পুলিশ বখাটেকে আটক করে। এ ঘটনায় ওই বখাটের শাস্তি দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেকে আটক করেছে। মনে হচ্ছে ওই ছাত্রী ও আটক যুবক পরস্পরের পরিচিত। তবে যুবকের আচরণ ঔদ্ধত্যপূর্ণ। ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








