যশোরের মণিরামপুরের আটটি দোকান হোটেলের চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সাড়াপোল বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ও সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- বাজারের আবু শাহীনের খাবার হোটেল, জয়নাল আবেদীনের ডেকোরেটর ও ফার্নিচারের দোকান, সবুজ হোসেনের মুদি দোকান, সোহাগ হোসেনের ইলেক্ট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের কম্পিউটার ট্রেনিং সেন্টার, আফসার আলী ও বজলুর গাজীর চা দোকান এবং আইয়ুব আলীর সেলুন ঘর।
স্থানীয়রা জানায়, খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান বলেন, 'রাতে হোটেলের চুলার ওপর কাঁচা কাঠ দিয়ে বাড়ি চলে যান শাহিন। পরে চুলার সেই কাঠে আগুন লাগে। হোটেল থেকে শুরু হয়ে এরপর একে একে পাশের সাতটি দোকানে আগুন লাগে। বাজারের নৈশপ্রহরীরা আগুন দেখতে পেয়ে হোটেলের দরজা ভেঙে ভেতরে ঘুমিয়ে থাকা আল-আমিন ও উজ্জ্বল হোসেন নামে দুই যুবককে উদ্ধার করে। আল আমিন ও উজ্জ্বল ওই হোটেলে কাজ করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেন।'
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, 'খবর পেয়ে আমাদের টিম ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পোঁছায়। তার আগে যশোরের টিম ঘটনাস্থলে আসে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।'
মণিরামপুর থানার এসআই হাসান বলেন, 'আগুন লেগে সাড়াপোল বাজারের আট দোকান পুড়ে গেছে। রাতেই আমরা ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।'








