দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে হত্যা করে ডান হাত কেটে নিয়ে সীমান্ত এলাকায় মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফুলবাড়ী উপজেলার আমড়া সীমান্তের জলেশ্বরী মিরপুর এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৩৬)। তিনি ফুলবাড়ী উপজেলার জলেশ্বরী মিরপুর এলাকার মৃত ওসমান হোসেনের ছেলে। তিনি চার বছর ধরে কাতারে ছিলেন। দেড় মাস আগে তিনি বাড়ি ফিরে আসেন।
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল শরিফউল্লাহ আবেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলাল হোসেনের সঙ্গে ওই এলাকার কয়েকজনে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী আমাদের জানিয়েছে। ফুলবাড়ী থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা মরদেহের ডান হাত কেটে নিয়ে গেছে বলে জানান তিনি।








