পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, ‘আগামী বছরের বন্যার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০৬টি প্রকল্প চলমান আছে। এগুলোর বাস্তবায়ন হলে দেশে নদী ভাঙনের ভয়াবহতা সহনীয় পর্যায়ে আসবে।’
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আড়িয়ালখাঁ নদীর ভাঙন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলীয় এলাকার উন্নয়নে বিশ্বব্যাংকের তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন কার্যক্রম চলছে। গত বছর আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার তিনটি বেড়ি বাঁধ সংস্কার প্রকল্প একনেকে পাশ হলে শিগগিরই কার্যক্রম শুরু হবে। এসব প্রকল্পের কাজ সমাপ্ত হলে সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত মানুষ আগামীতে বন্যা থেকে রক্ষা পাবে। উপকূলীয় এলাকার নদী ভাঙনের ভয়াবহতা কমবে। বড় নদীগুলো ড্রেজিং করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে।’
পরিদর্শনকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী আড়িয়ালখাঁ নদীর ভাঙনের কবল থেকে চন্দ্রমোহনবাসীকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।








