নীলফামারীর সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও শ্রমিক নেতা আখতার হোসেন বাদল (৫৭) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার (১২ ডিসেম্বর) দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
তিনি উপজেলার পরিবহন শ্রমিক ফেডরেশনের রংপুর বিভাগীয় সভাপতি, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ও নতুন বাবুপাড়া মহল্লার বাসিন্দা।
সৈয়দপুর উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তাকে রংপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় রংপুর সিএমএইচ হাসপাতালে। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, আখতার হোসেন বাদলের শরীরে করোনার লক্ষণ ছিল। আমরা নমুনা পাঠিয়েছি। তবে ওই ফলাফল এখনও হাতে আসেনি।
সিভিল সার্জন আরও বলেন, করোনা আক্রান্ত এক হাজার ২৬৯ জনের মধ্যে সদরে ৬৬৭, জলঢাকায় ১৬৬, সৈয়দপুরে ১৫২, ডিমলায় ১০২, ডোমারে ১০৩, কিশোরগঞ্জে ৬৯ জন।
আর মৃত্যু ২৩ জনের মধ্যে, সদরে ৭, সৈয়দপুরে এক নারীসহ ৮, জলঢাকায় এক নারী সহ ৬, কিশোরগঞ্জে ১জন ও ডোমারে ১ জন। এর মধ্যে এক হাজার ২০৯ জন সুস্থ হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩১ জন। জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৬৪ জন ও প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে ৯ হাজার ৪৭৪ জনের।








