বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদাত বার্ষিকী আজ। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই সূর্যসন্তান। ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে রেহাইচরে শাহাদাতস্থলে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদোসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান। এরপর বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও, সোনামসজিদ প্রাঙ্গণে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিন ভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন। লড়াইয়ের একপর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।







