যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে যশোরের রায়পাড়া শংকরপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে যশোরবাসী।
এদিন সকাল ৮টায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পুলিশ বাহিনীর পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।
এদিকে, দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।








