শ্রদ্ধা আর ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে পাবনার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার (১৪ ডিসেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এসময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসনসহ বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে সকাল ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পদযাত্রাসহ মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কমিটির বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শহীদ এম মনসুর আলী কলেজ মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।








