গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২০২১ সালের ১৬ জানুয়ারি। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এ তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
এ নির্বাচনে ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির মেয়র প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদের মৃত্যুর পর ওই পদে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত হওয়া পদে (মেয়র) মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ ডিসেম্বর। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
প্রজ্ঞাপনে আরো যা বলা হয়েছে, কেবল মেয়র পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন তাদের আর নতুন করে জমা দেওয়ার প্রয়োজন নেই। সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ নেই। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক (ইভিএম) ভোটিং মেশিনের মাধ্যমে।
বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ গত ৯ ডিসেম্বর মারা গেলে ওই পদে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।








