লালমনিরহাটের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে মো. শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় আসামি আয়নাল হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল। আয়নাল হোসেন বুড়িমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গুচ্ছগ্রাম এলাকার মো. আসার উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারিক হাকিম মোছা. ফেরদৌসী বেগমের আদালতে আয়নাল হোসেনকে উপস্থিত করা হয়।
এর আগে সোমবার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও লালমনিরহাট ডিবির পুলিশের উপপরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, রেজিস্ট্রার পুড়িয়ে নষ্ট ও সরকারি কাজে বাধা দানের মামলার এজাহারনামীয় আসামি আয়নাল হোসেনকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এরপর লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের ওপর পুড়িয়ে দেওয়া হয় তার লাশ। এ ঘটনায় পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত মোট ৪৫জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।








