নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর আরাফাত নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) উপজেলার মদনপুর ইউনিয়নের লাওসার এলাকায় শিশুটির বাড়ির পাশের এক পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। আরাফত ওই এলাকার সাবেক ইউপি ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বারের ছেলে।
স্বজনরা জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আরাফাত। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরদিন পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে নিজেদের বাড়ির পাশে একটি বড় পুকুরে আরাফাতের লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম এবং স্থানীয় মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালামসহ ধামগড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় স্বজনরাসহ এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে এসে ভিড় জমান। কান্নায় ভেঙে পড়েন আরাফাতের পরিবার ও নিকট আত্মীয় স্বজনরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বিকে (২৩) আটক করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, ছেলেটি পুকুরে ডুবে মারা গেছে নাকি কেউ হত্যা করেছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।








