মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় কুমিল্লায় দেবিদ্বারে এক ফার্মেসিসহ ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার নিউমার্কেটে এই অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ফার্মেসিসহ ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেন তিনি।
অভিযানে এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর, দেবিদ্বার বাজার ব্যবসায়ী সমিতি ও দেবিদ্বার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।








