গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম তাসিন আহমেদ। পুলিশ চালকসহ পিকআপভ্যানটি আটক করেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টায় জৈনা-বাঁশবাড়ি সড়কের ফকির মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তাসিন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ধনুয়া উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, শ্রীপুর উপজেলার জৈনা-বাঁশবাড়ি সড়কের চেয়ারম্যানবাড়ি (ফকির মার্কেট) এলাকায় শিশু তাসিন হঠাৎ দৌড়ে সড়ক পার হচ্ছিল। এসময় জৈনাবাজারগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাসিন নিহত হয়। এলাকাবাসী চালক হারুনসহ ঘাতক পিকআপভ্যানটি আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এসময় চালক ময়মনসিংহের ভালুকা উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে হারুন-অর রশীদকে (২৩) আটক করে ঘাতক পিকআপসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। কোনও অভিযোগ না থাকায় এলাকাবাসী ও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে নিহত শিশুর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।








