কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬নং শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মী হোসাইনকে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনের সদস্যরা। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ওই ক্যাম্পের হেড মাঝি (রোহিঙ্গা নেতা) মো. তাহেরকে (৩২) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এপিবিএনের সদস্যরা ওই ক্যাম্পের ভেতরে একটি পাহাড়ি এলাকা থেকে হোসাইনকে উদ্ধার করেন।
কক্সবাজারের ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ হেমায়েতুল ইসলাম জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ নং রোহিঙ্গা ক্যাম্প অফিসে কর্মরত সিপিপি কর্মী মোহাম্মদ হোসাইনকে একদল রোহিঙ্গা অপহরণ করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এরপর সিপিপির অন্য সদস্যরা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে কর্মরত এপিবিএনের কাছে জানালে তারা অভিযানে বের হন।
এপিবিএনের অধিনায়ক আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ভেতরে একটি পাহাড়ি এলাকা থেকে হোসাইনকে উদ্ধার করে এপিবিএনের ফোর্স। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। পরে আজ (বৃহস্পতিবার) অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোহিঙ্গা নেতা ওই ক্যাম্পের হেড মাঝি মো. তাহেরকে (৩২) গ্রেফতার করা হয়।
তবে কী কারণে সিপিপি কর্মীকে অপহরণ করা হয়েছে তা বিস্তারিত জানায়নি পুলিশ। অপহৃত সিপিপি কর্মী হোসাইনের বাড়ি উখিয়া উপজেলায় বলে জানা গেছে।








