বরগুনার পাথরঘাটায় অনুমোদনহীন ক্লিনিক ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে বরিশাল র্যাব-৮ ও পাথরঘাটা উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার থেকে বিকাল ৫টা পর্যন্ত পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান চালানো হয়।
এ সময় পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালে আবাসিক চিকিৎসক না থাকায় ৫০ হাজার টাকা, শাপলা ক্লিনিকের বৈধ কোনও কাগজপত্র ও আবাসিক চিকিৎসক না থাকায় ৮০ হাজার, ইমলামিয়া ক্লিনিকে ৮০ হাজার এবং মাজেদা ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পাথরঘাটা নতুনবাজারের একটি ফার্মেসিতে জাকির হোসেন নামে এক পল্লি চিকিৎসকের বৈধ কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন– নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আরিফুল ইসলাম।
অভিযানের বিষয়ে বরিশাল র্যাব-৮ কোম্পানি কমান্ডার (এডি) রবিউল ইসলাম বলেন, ‘বরগুনার পাথরঘাটায় অনুমোদনহীন ক্লিনিক পরিচালিত হয়ে আসছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাই। সে ভিত্তিতে আজ এ অভিযান করা হয়। অভিযানে যেসব ক্লিনিকে অসঙ্গতি পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যে পাথরঘাটায় বেসরকারি ক্লিনিকগুলোর সেবার মান ও বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। এই অভিযানের মাধ্যমে বেসরকারি ক্লিনিকগুলোকে প্রাথমিকভাবে সতর্কতা করা হয়েছে।’ পরবর্তী সময়ে তারা কাগজপত্র সংশোধন না করলে সিলগালা করে দেওয়া হবে বলেও জানান তিনি।








