আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে ভোটারদের প্রশিক্ষণের জন্য অনুশীলন ভোটের (মক ভোট) আয়োজন করা হয়েছিল। ইভিএম মেশিনে নতুন এই ভোটদান পদ্ধতি সর্বস্তরের ভোটারদের জ্ঞাত করা ও ভোট প্রদান শেখানোর লক্ষে জেলা নির্বাচন অফিস এই মক ভোটিংয়ের আয়োজন করে। কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল কম।
জানা গেছে, পৌরসভার ১৫টি কেন্দ্রে মক ভোটার ভোট দিয়েছেন ১৮১০ জন। এতে মোট ভোটের শতকরা হার ৫.১৪ ভাগ। ১৫টি ভোট কেন্দ্রের কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটরদের উপস্থিতি ছিল কম। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটের আগেই কয়েকজন ভোটার ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। একটি মেশিনে হাতের বুড়ো আঙুলের ছাপ দিলেন। সঙ্গে সঙ্গে মেশিনটির স্ক্রিন এবং কক্ষের দেয়ালে ভেসে উঠল ভোটারের ছবি, ভোটার নম্বরসহ বিস্তারিত বিবরণ। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আমিন সেখানে উপস্থিত সকলকে দেখলেন ভোটারের ছবিসহ বিস্তারিত বিবরণ। এরপর ভোটার চলে গেলেন ভোট দেওয়ার গোপন কক্ষে। সেখানে রয়েছে একটি মেশিন। সেই মেশিনের তিনটি ভাগ। এক ভাগে মেয়র প্রার্থী, অন্য দুই ভাগে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের নাম ও প্রতীকের তালিকা। সেই প্যানেলের তালিকা ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেরিয়ে গেলেন। মেশিনের কন্ট্রোল ইউনিট থাকবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনে আর ব্যালট ইউনিট থাকবে ভোট দেওয়ার জন্য নির্ধারিত গোপন কক্ষে।
পৌরসভার ৯নং ওয়ার্ডের ধাক্কামারা ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, এখানে মোট ভোটার ছিল ২৩৮৪ জন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট মক ভোট পড়েছে ৩৬টি। পৌরসভার ৫নং ওয়ার্ডের পঞ্চগড় নূরুন আলা নূর ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৩৬১ জন। মোট মক ভোট পড়েছে ১৪০টি। নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ২৯১৬। এখানে মক ভোট পড়েছে ২২০টি।
জেলার পৌর এলাকার পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রের ভোটার নাজমা আখতার জানান, জানা থাকলে ইভিএমে ভোট দেওয়া কঠিন না।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর জানান, শনিবার সকাল থেকে দিনব্যাপী পঞ্চগড় পৌরসভার ১৫টি কেন্দ্র একযোগে মক ভোটিং শুরু হয়। ভোটাররা কেন্দ্রে এসে নমুনা ভোট দিয়ে ভোটিং সিস্টেমের সাথে পরিচিত হন। ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী অফিসারসহ কর্মকর্তারা ভোটারদের হাতে কলমে ভোটদানের নিয়মাবলি শিখিয়ে দেন। বিকেল ৪ টা পর্যন্ত এই মক ভোটিং অনুষ্ঠিত হয়।
তিনি জানান, পঞ্চগড় পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ১১ জন। মক ভোটিংয়ে ভোট পড়েছে ১৮১০। ‘মক ভোটে’ স্থানীয় কোন প্রার্থীর নাম ছিল না ছিল না কোন প্রতীক। অন্য নামে এবং ক, খ, অ, আ, ই, ঈ বর্ণ ছিল প্রতীক ছিল বলে জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৫টি ভোটকেন্দ্রের ৯৭টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি পুলিশের ৩টি ও র্যাবের ৩ টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। দুই প্লাটুন বিজিবিও মাঠে থাকবেন। এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তারা আরও জানান, প্রতি কেন্দ্রে দুই জন করে ডাটা এন্ট্রি অপারেটর থাকবে। ইভিএমের কোনও সমস্যা হলে তারা তাৎক্ষণিকভাবে তা দেখবে। তারা সমাধান করতে না পারলে ৪ সদস্যের একটি অভিজ্ঞ দল (ভ্রাম্যমাণ) রয়েছে, তারা সেটি সমাধান করবে।








