৩০ ডিসেম্বর কলঙ্কের কালো দিন দাবি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। অপরদিকে ‘ভোট ডাকাতির দুই বছর পূর্তি’দাবি করে অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে কালো পতাকা সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক ও হাসানুল কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর ও সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে সরোয়ার বলেন, সরকার জনগণের কথা ভাবে না। তারা সংবিধান মানে না। তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়। ভারতের জন্য কাজ করে ভারতের সাপোর্ট করাই আওয়ামী লীগের রাজনীতি। ভারতের হয়ে কাজ করার জন্য তারা ৩০ ডিসেম্বর ভোটারবিহীন নির্বাচন করেছে তারা।
এদিকে ‘ভোট ডাকাতির ২ বছর পূর্তিতে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ’ এমন শিরোনামে বরিশালে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে কালো পতাকা সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, দেওয়ান আব্দুর রশিদ নিলু, অধ্যাপক নিপেন্দ্র নাথ বাড়ৈ, ইমরান হাবীব রুমন, জাফর আহমেদ তালুকদার ও মারুফ আহমেদসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতেই ভোট কাস্টিং করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবৈধ সরকারের কাছ দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য সকল বাম গণতান্ত্রিক জোটের নেতকর্মীকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সমাবেশের আগে নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে শেষ হয়।








