ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। নাম ও ঠিকানা জানা গেলেও তার রাজনৈতিক পরিচয় জানতে পারেনি পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম নূর আলম। তার বাড়ি শহরের রঘুনাথপুর গ্রামে। পেশায় সে কাঠমিস্ত্রি। তার কোনও রাজনৈতিক বা কোনও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘মাথায় টুপি পরা আনুমানিক ৪২ বছর বয়সী ওই ব্যক্তি বিকালে শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরালে ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ হাতেনাতে আটক করে তাকে।’
তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এবং সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। ইউএনও বলেন, ‘এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
২০১৯ সালের মার্চের শেষ দিকে পীরগঞ্জে বঙ্গবন্ধুর এই ম্যুরালটি তৈরি করা হয়।








