রাজশাহী শিক্ষাবোর্ডে ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গতবারের চেয়ে পাসের হার বেড়েছে। একই সঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।
পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ জানান, এ বছর ২ লাখ ২৩ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ লাখ ১৮ হাজার ৮৪ জন। গতবারের চেয়ে পাসের হার বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ৩২ শতাংশ। পাসের হারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৮৩। এরমধ্য ১৬ হাজার ৩৬৫ জন ছাত্র এবং ১৮ হাজার ৭১৮ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী ছিল ২৩ হাজার ৬০৬। শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ১ হাজার ৪১৫টি।
শামসুল কালাম আজাদ আরও জানান, গত বছরগুলোর চেয়ে শিক্ষকদের বেশি প্রস্তুতির কারণে এবার ফলাফল ভালো হয়েছে। এছাড়া ফলাফল ভালো করার জন্য প্রতিটি বিদ্যালয়কে বোর্ডের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায়, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) আকবর হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এসএম গোলাম আজম, উপ-সচিব (প্রশাসন) চলতি দায়িত্ব ওয়ালিদ হোসেন, উপ-বিদ্যালয় পরিদর্শক (চলতি দায়িত্ব) মুঞ্জুর রহমান খান, প্রোগ্রামার শামীম আল আমিন এবং তথ্য ও গণসংযোগ অফিসার এএফএম খায়রুল আলম।
উল্লেখ্য, গতবছর ২ লাখ ৫১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ১ লাখ ৯১ হাজার ১৩০ জন।
/আরএ/








