শুক্রবার (১ জানুয়ারি) সারা দেশে শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব দিবস। রাজধানীর ধানমণ্ডির গভ. ল্যাবরেটরি হাইস্কুল মাঠে সকাল ১০টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’-এই স্লোগানকে সামনে রেখে পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুরু হয়েছে। এজন্য নতুন বইয়ের সঙ্গে ছিল একটি করে সতেজ ফুল। বই উৎসব উপলক্ষে স্কুলগুলোয় বসেছে শিক্ষার্থীদের আনন্দমেলা। বই পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি।
বই উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আমাদের সন্তানরা শিক্ষার দিক থেকে মোটেও দরিদ্র নয়।'
এবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৪ কোটি বই বিতরণ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই উৎসবের আয়োজন করা হয়েছে। আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।
/এসটি/








