চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

৪১৭ কেন্দ্রে থাকবে বিশেষ নজরদারি, জাতীয় পরিচয়পত্রসহ চলাচলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২১, ১৮:১৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:০১

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১৭টি কেন্দ্রকে বিশেষ ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েছে পুলিশ। ওইসব কেন্দ্রে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়া নির্বাচনের দিন নগরীতে চলাচলের সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে সবাইকে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিএমপি পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেছেন, ‘৪১৭টি কেন্দ্রকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রপ্রতি আমরা কমপক্ষে ছয় জন করে পুলিশ মোতায়েন করছি। ক্ষেত্রবিশেষে আমরা এসব কেন্দ্রে আরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করবো। এর পাশাপাশি ওইসব কেন্দ্রে আনসার সদস্যরা থাকবেন। আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম থাকবে। তারা সার্বক্ষণিক এসব কেন্দ্র মনিটরিং করবে।’

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঝুঁকি আমরা অনুমান করেছি সেগুলো মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আপনারা জানেন, নির্বাচনের আগের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনি এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়। নির্বাচনে যারাই জয়ী হোক, তাদের আমরা কঠোর বার্তা দিতে চাই। কোনও ধরনের তথাকথিত বিজয় মিছিল অথবা বিরোধী পক্ষকে ঘায়েল করার অপচেষ্টা করলে আমরা তাদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করবো। তারা কোন দলের আমরা সেদিকে দেখবো না, যে-ই আইনশৃঙ্খলার জন্য হুমকি হবেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

যেকোনও মূল্যে বহিরাগতদের ঠেকানো হবে জানিয়ে সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা নগরীতে অবস্থান করছে–বিভিন্ন পত্রপত্রিকায় এমন তথ্য উঠে এসেছে। বহিরাগতদের ঠেকাতে দুই সপ্তাহ আগে থেকে আমরা নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছি। আমরা ভোটারদের অনুরোধ করছি, তারা যেন আগামীকাল ভোটের দিন জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন তাদের জন্য আগামীকাল ভোট অনেক আনন্দদায়ক হবে। আর যারা পরিচয়পত্র নিয়ে আসবেন না, তাদের ও বহিরাগতদের জন্য আমাদের দ্বার বন্ধ। শুধু ভোটার নয়, যারা নগরীতে অফিস-আদালত করবেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, আপনারা নির্বাচনের দিন জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন।’

পুলিশ কমিশনার বলেন, ‘আমরা বহিরাগত ঠেকাতে চাই। আপনারা জানেন কারা পেশিশক্তি প্রয়োগ করতে চায়। নিশ্চয় কোনও বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি এটি করেন না। তাই তাদের ক্ষেত্রে এই কঠোরতা শিথিল থাকবে। বহিরাগতদের আমরা একটি বার্তা দিতে চাই, এখানে এসে আইনশৃঙ্খলা পরিপন্থি কিছু করলে আমরা কোনোভাবে ছাড় দেবো না।’

বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে আগে কোনও মামলা ছিল। ওয়ারেন্ট ছিল, সে কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। আমাদের একটি সিএমএস তালিকা আছে, সেটি যাচাই বাছাই করার জন্য আমাদের পুলিশ সদস্যরা বিএনপির কারও কারও বাসায় যেতে পারেন। কিন্তু এটা বলা যাবে না, পুলিশ তাদের বাসায় গিয়ে ধরে এনে গায়েবি মামলা দিচ্ছে। এ ধরনের কোনও কর্মকাণ্ড আমাদের এখানে হয়নি।’

তিনি আরও বলেন, ‘দুই পক্ষের প্রতি আমরা সমান আচরণ করছি। যে কারণে চসিক নির্বাচনে গত কয়েক দিনে কোনও সংঘাতের ঘটনা ঘটেনি, সাধারণত স্থানীয় নির্বাচনগুলোতে যে ধরনের সংঘাতের আশঙ্কা করি তেমন। শুধু ২৮ নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত আর কোনও বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি। কারণ, আমরা সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য আইন সমানভাবে প্রয়োগ করেছি।’

বিএনপির অভিযোগ, কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য তাদের নেতাকর্মীদের নাজেহাল করছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ এসেছে। সেসব অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন একজন অফিসার ইনচার্জকে (ওসি) অপসারণ করেছে। আমরা সব প্রার্থীকে সমান চোখে দেখছি। যার প্রমাণ আপনারা ইতোমধ্যে পেয়েছেন।’

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম