কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে এক ব্যক্তির মাথা উদ্ধার করেছে পুলিশ। স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মধ্যে একটি মাস্তকবিহীন ধড় পাওয়া যায়। তবে শরীরের এ দুটি অংশ একই ব্যক্তির কিনা- তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাথা ও ৮টার দিকে ধড় উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কয়েকজন জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফজরের নামাজ শেষে তারা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিল। ব্যাগের ভেতরে এক ব্যক্তির মাথা দেখে তারা দহকোলা ক্যাম্পের পুলিশকে খবর দেয়।
দহকোলা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। মাথাটি কার, তা এখনও শনাক্ত করা যায়নি। সকাল ৮টার দিকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভবানীপুর সোনাইডাঙা গোবিন্দপুকুর এলাকায় মাঠের মধ্যে একটি ধড় পড়ে আছে বলে খবর পাওয়া যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদিন বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
/এসটি/এএইচ/








