আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশের দলীয় কার্যালয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের (শনিবার) এই যৌথসভা হয়েছে। সভায় ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও এ দিবস উপলক্ষে সারা দেশের দলীয় কার্যালয়ে সমাবেশ করার নিদের্শ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চেয়ে আমরা চিঠি দিয়েছে। আশা করি, সরকার অনুমতি দিয়ে গণতন্ত্রকে সঠিকভাবে চলতে অবদান রাখবে। সমাবেশে মাইক ব্যবহারের জন্য ডিএমপিও অনুমতি দেবে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন ১৯ জানুয়ারি। এদিন উপলক্ষে বিএনপির গৃহীত কর্মসূচিগুলো হলো: সকাল ১০টায় শেরে বাংলা নগর অবস্থিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন, দলীয় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি একটি আলোচনা সভারও আয়োজন করবে। তবে এর দিনক্ষণ জানাতে পারেনি ফখরুল। এছাড়াও দলের অঙ্গ-সংগঠনও নিজ নিজ সুবিধামত আলোচনা সভার আয়োজন করবে বলেও জানান তিনি।
১৯ জানুয়ারি ক্রোড়পত্র প্রকাশ ও সারাদেশে পোস্টার লাগানো হবে বলেও তিনি জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মিজানুর রহমান মিনু, প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুকসহ অনেকে।
/এসটিএস/এসটি/








