গাজীপুরে গাড়িচাপায় পোশাককর্মী পারভীন বেগম (৪৫) নিহতের ঘটনায় ওই গাড়ির অজ্ঞাত চালককে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় সাত মাস পর অজ্ঞাত চালককে শনাক্ত করে হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২৭ জানুয়ারি) চালক মোস্তাক মিয়াকে (৪৩) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে নেত্রকোনা সদর থানার নিউ টাউন (বিলপাড়-সাতপাই) এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।
পিবিআই গাজীপুরের এসপি মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত ৩০ জুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার সাইনবোর্ড এলাকার ইন্টারস্টপ পোশাক কারখানার সামনে ওই কারখানার নারী শ্রমিক পারভীনকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। কারখানার নারী শ্রমিক নিহতের ঘটনায় তার ননদ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ওই গাড়ির অজ্ঞাত চালকের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে ‘চূড়ান্ত রিপোর্ট সত্য’ বলে প্রতিবেদন দাখিল করে। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুরকে আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা বাসটির অজ্ঞাত চালককে শনাক্ত করেন। গ্রেফতারকৃতকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রায় ৭ মাস পর চালককে গ্রেফতার ও পারভীন বেগম হত্যার রহস্য উন্মোচন হয়েছে।









