দেশের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ কবির খান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার ওয়াহেদুজ্জামান মুন্সি নির্বাচনের ফল ঘোষণা করেন।
দুপুর ১২টায় এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, নৌকায় জোর করে প্রকাশ্যে সিল মারার অভিযোগে বিএনপি প্রার্থী মজিবর রহমান সাংবাদিকদের ফোন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান ভিডিও বার্তা পাঠিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
রিটার্নিং অফিসার জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান ১৪ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজালাল হোসেন পেয়েছেন ৯২৪ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৩৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র মোবাইল ফোন প্রতীকের প্রার্থী মাসুদ খান পেয়েছেন ৩২৮ ভোট।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে খাদিজা পারভীন; ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে দিলরুবা আক্তার; ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নুরুন্নাহার রুবিনা নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে পলাশ তালুকদার, ২নং ওয়ার্ডে নুরে আলম, ৩নং ওয়ার্ডে রেজাউল চৌধুরী, ৪নং ওয়ার্ডে তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ৫নং ওয়ার্ডে মামুন মাহমুদ, ৬নং ওয়ার্ডে ফিরোজ আলম খান, ৭নং ওয়ার্ডে শহিদুল ইসলাম টিটু, ৮নং ওয়ার্ডে আল মামুন লাভলু ও ৯নং ওয়ার্ডে মানিক হোসেন বিজয়ী হয়েছেন।
সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।









