কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল হামিদ সড়কে পথসভা করেন তারা। পথসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন। জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনও সফল হতে দেবে না।
বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ইছাক শামিম, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেল হাসান শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারন সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্য নেতারা।









