বরিশালের আগৈলঝাড়া উপজেলায় উড়ো চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা কথিত ০০৫ বাহিনীর প্রধান রবিউল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিউল উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশের কাছে উড়োচিঠি দেওয়া ও চাঁদা দাবির সত্যতা স্বীকার করেছে।
এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পরিমল ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি গৈলা বাজারে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ও মধ্য শিহিপাশা গ্রামের মৃত কৃষ্ণ কান্ত ঘোষের ছেলে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি ব্যবসায়ী পরিমল ঘোষের কাছে একটি খামে ০০৫ বাহিনীর নামে উড়ো চিঠি আসে। চিঠিতে আসন্ন ২০২১ সালের নির্বাচন উপলক্ষে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
বিষয়টি থানা পুলিশ, নেতা, আমলা কাউকে না জানাতে বলা হয়। পাশাপাশি আগামী ১০ বছরে আর তাকে কোনও টাকা দিতে হবে না জানিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি মিষ্টির প্যাকেটে টাকা ভরে গোয়াল ঘরে রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক হাজার টাকার নোটে ওই তিন লাখ টাকা দিতে বলা হয়। কম দিলে তা ফেরত যাবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। এমনকি টাকা না দিলে পরিমল ও তার পরিবারের সদস্যদের ক্ষতি হলে তারা কোনও দায় নেবে না বলেও হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে ব্যবসায়ী পরিমল ঘোষ স্থানীয়দের সঙ্গে আলাপ করেন। এরপর জানতে পারেন তার ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ বছর ধরে দুধ সরবরাহকারী রবিউল এ ঘটনার সঙ্গে জড়িত।
পুলিশকে অবহিত করলে রুবিউলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল চিঠি দিয়ে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে। তাকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।









