গাজীপুর শহরে সালাম না দেওয়ার জেরে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং পরে ধারালো অস্ত্রের আঘাতে খুনের ঘটনা ঘটেছে। সেনেটারি মিস্ত্রি সাদেক হোসেনকে (৩২) এক কলেজছাত্র খুন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
সাদেহ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকোড়া এলাকার শাহ আলমের ছেলে।
ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্য ছায়াবিথীর আশরাফ ইঞ্জিনিয়ারের বাসার সামনে সাদেক হোসেনের সেঙ্গে দেখা হয় পশ্চিম ভুরুলিয়া এলাকার কাওসারের (২৩)। এসময় সাদেককে সালাম না দেওয়ায় তাদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কাওসার উত্তেজিত হয়ে চাপাতি দিয়ে সাদেকের গলার ডান পাশে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে সাদেক মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কাওসার পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে শহরের কাজী আজিম উদ্দীন কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছে।
স্থানীয়রা জানান, সালাম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হলেও তাদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে হামলা ও হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। কাওসারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









