ফেব্রুয়ারিতে জঙ্গিবাদবিরোধী লাখো আলেমের ফতোয়া

চৌধুরী আকবর হোসেন
০৩ জানুয়ারি ২০১৬, ১১:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৪:১০

ফতোয়া জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিতে যাচ্ছেন দেশের লক্ষাধিক আলেম। এ জন্য ৭ সদস্যের ‘ফতোয়া সংগ্রহ কমিটি’ গঠন করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) থেকেই জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় এক লাখ মুফতি ও উলামায়ে কেরামের স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারির মধ্যেই লক্ষাধিক আলেমের সই সংবলিত ফতোয়া প্রকাশ করা সম্ভব হবে মনে করেন বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগার খতিব ফরীদ উদ্দীন মাসউদ।
এছাড়াও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আলেমদের নিয়ে হিন্দু, বোদ্ধ, খিস্ট্রানসহ অন্য ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করা হবে বলেও জানান ফরীদ উদ্দীন মাসউদ।
গত বছর ১৭ ডিসেম্বর পুলিশ সদর দফতরে আয়োজিত ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক মতবিনিময় সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের আলেমদের ফতোয়া দেওয়ার পক্ষে মত দেন ফরীদ উদ্দীন মাসউদ। সে পরিকল্পনার অংশ হিসেবে শুরু হয়েছে জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় স্বাক্ষর গ্রহণের কার্যক্রম। ওই সভায় পুলিশের মহাপরির্দশক (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

গতবছর নভেম্বরে আইএস ও জঙ্গিবাদবিরোধী যাবতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের এক হাজার ইমাম, মুফতি এবং ইসলামি চিন্তাবিদদের স্বাক্ষর করা একটি 'ফতোয়া' প্রকাশ করা হয়। এ ফতোয়া জাতিসংঘ মহাসচিবের কাছেও পাঠিয়েছিলেন তারা।

ওই ফতোয়ায় বলা হয়, ‘ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে আর আইএস সন্ত্রাসকে উসকে দিচ্ছে। এছাড়া, বিভিন্ন মুসলিম দেশে ১৫ খণ্ডের ফতোয়াটি পাঠানো হয়েছে। অন্য দেশের আলেমদেরও এভাবে জঙ্গিবাদের  বিরুদ্ধে ফতোয়া জারি করে আহ্বানও করা হয়।

জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় এক লাখ মুফতি ও উলামায়ে কেরামের ফতোয়ার জন্য ১১টি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে একমত পোষণ করে একটি অভিন্ন ফতোয়ায় স্বাক্ষর নেওয়া হবে আলেমদের। সারাদেশ থেকে ফতোয়ায় আলেমদের স্বাক্ষর সংগ্রহের জন্য কেন্দ্রীয়ে একটি কমিটি করা হয়েছে। এছাড়া, প্রতি জেলায় একটি করে কমিটি কাজ করবে ফতোয়া সংগ্রহ করার জন্য। আলেমদের এ কার্যক্রমের তদারকি করছেন  ফরীদ উদ্দীন মাসউদ।

শনিবার (২ জানুয়ারি,২০১৬) সকালে রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইকরা প্রাঙ্গণে জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে উপস্থিত প্রায় ৫০০ আলেম ওই ফতোয়ায় স্বাক্ষর করেন। এছাড়া, এই কার্যক্রমে অংশ নিতে দেশের মসজিদ-মাদ্রাসা, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিও আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হবে। আলেমদের নিয়ে সন্ত্রাসবিরোধী মানববন্ধন, মহাসমাবেশের পরিকল্পনাও রয়েছে।

এ কার্যক্রম প্রসঙ্গে ফরীদ উদ্দীন মাসউদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ত্রাসীও জঙ্গি কর্মকাণ্ডকে ইসলাম সমর্থন করে না। আন্তর্জাতিক গোষ্ঠীর উসকানিতে একটি চক্র দেশের তরুণদের বিপদগামী করছে। দেশের সব আলেম সম্মিলিতভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিলে, ধর্মের সঙ্গে  জঙ্গিবাদের যে সম্পর্ক নেই, তা বিশ্বের কাছে স্পষ্ট হবে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এক লাখ আলেমের ফতোয়া প্রকাশ করার। অনেকেই ইতোমধ্যে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। আশা করছি, লক্ষাধিক আলেম ফতোয়ায় একমত হবেন।’

ফতোয়ার ১১টি প্রশ্ন হলো:

১. ইসলাম কি সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডকে সমর্থন করে? ২. নবী ও রাসূল বিশেষ করে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম করার পথ কি হিংস্রতা ও বর্বর নির্মমতার অবস্থান ছিল? ৩. ইসলামে জিহাদ ও সন্ত্রাস কি একই বিষয়? ৪. জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ কি বেহেশতের পথ না জাহান্নামের পথ? ৫. আত্মঘাতী মৃত্যু কি শহিদি মৃত্যু বলে গণ্য হবে? ৬. আত্মহত্যা ও আত্মঘাতের বিষয়ে ইসলামের মত কী? ৭. গণহত্যা কি ইসলামে বৈধ? ৮. শিশু, নারী, বৃদ্ধ নির্বিচারে হত্যা কি ইসলাম সমর্থন করে? ৯. ইবাদত-রত মানুষ হত্যা করা কি ধরনের অপরাধ। ১০. এই ধরনের সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ইসলামের দৃষ্টিতে কর্তব্য কি না? ১১. গির্জা, মন্দির, প্যাগোডা ইত্যাদি অমুসলিম উপাসনালয়ে হামলা জায়েজ কি না?

এসব প্রশ্নের জবাবে উলামায়ে কেরাম তাদের অবস্থান ব্যক্ত করবেন। একমত পোষণ করে ফতোয়ায় স্বাক্ষর করবেন।

এই উদ্যোগকে স্বাগত  জানিয়েছেন সিলেট কাজির বাজারের  জামেয়া মাদানিয়া মাদ্রাসার প্রধান মুফতি শায়খুল হাদিস শফিকুর রহমান। তিনি বলেন, এটা খুব ভালো উদ্যোগ। এতে করে পরিষ্কার হবে, দেশের আলেমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে মসজিদ-মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে আর কোনও অপপ্রচারের সুযোগ পাবে না। পাশাপাশি দেশের কোনও মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গিবাদের পক্ষে নেওয়ার পথও বন্ধ হবে।
তবে এই ফতোয়ার উদ্যোগ আলাদা ভাবে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ইসলামে জঙ্গিবাদ নেই, এটা স্পষ্ট। এ জন্য আলাদাভাবে ফতোয়ার প্রয়োজন নেই। আলেমরাসহ সব মুসলমান জানেন, ধর্মের নামে এই জঙ্গিবাদ ষড়যন্ত্র। 

/এসটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের