শনিবার রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া আহমদীয়া সম্প্রদায়ের মসজিদ পরিদর্শন করেন জেলার সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত যুবককে যেহেতু শনাক্ত করা যায়নি, ওই যুবকের ছবি এলাকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা যেতে পারে।
সংসদ সদস্য আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ এর মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। বাগমারাবাসীকে ঐক্যবদ্ধভাবে সজাগ ও তৎপর থাকতে হবে যেন বহিরাগতরা এসে অশান্তির কারণ হতে না পারে। তদন্তের ব্যাপারে পুলিশকে হতে হবে আরও তৎপর।
এসময় উপস্থিত ছিলেন আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ রাজশাহীর নেতা প্রফেসর আব্দুল্লাহ সামস বিন তারিক, সৈয়দপুর চকপাড়া আহমদীয়া মুসলিম জামাত এর সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার, বাগমারা থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক, হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মাসউদ রানা প্রমুখ।
২৫ ডিসেম্বর বাগমারার সৈয়দপুর চকপাড়া আহমদীয়া মুসলিম জামাত মসজিদে জুমার নামাযের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে অজ্ঞাতপরিচয় হামলাকারী যুবক নিহত এবং স্থানীয় একাধিক ব্যক্তি আহত হন।
/জেবি/এইচকে/








