খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়ত্ত আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ ও কথিত মালিকের ভুয়া কাগজপত্র বাতিল করে মিল চালু করে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার খুলনা যশোর মহাসড়কে জুট মিলের সামনে রাজপথ অবরোধ কর্মসুচি পালিত হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০ টা থেকে টানা ৪ ঘন্টা রাজপথ অবরোধ করে বিক্ষোভ করে।
সকালে শ্রমিকরা লাঠিমিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কের আলিম জুট মিলসংলগ্ন রাজপথে অবস্থান নেয়। দুপুর ২ টা পর্যন্ত রাজপথ অবরুদ্ধ রাখে।
অবরোধ চলাকালে মিলের সিবিএ সাধারণ সম্পাদক সংগ্রাম কমিটির আহ্বায়ক আ. রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, সিবিএ সভাপতি আ. সালাম জমাদ্দার, আ. হামিদ সরদার, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।
শ্রমিক নেতা আব্দুর রশীদ বলেন, মিলটির শ্রমিক কর্মচারীরা দীর্ঘ আট মাস মজুরি-বেতন না পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে পর মিল কর্মসূচিতে অংশ নেওয়া পাটমন্ত্রী, মৎস প্রতিমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর দিকে আমরা তাকিয়ে আছি।
শ্রমিক নেতা আব্দুস সালাম জমাদ্দার বলেন, অবিলম্বে মিলের মজুদ থাকা উৎপাদিত পাঁচ কোটি টাকার পণ্য বিক্রি করে শ্রমিক-কর্মচারীদের মজুরি, বেতন পরিশোধের করে মিলের কথিত মালিকের ভুয়া কাগজপত্র বাতিল করে বিজিএমসির আওতায় এটিকে চালু করার দাবি জানাই।
মিল শ্রমিকদের অবরোধে চার ঘণ্টা ঢাকা- যশোরের সঙ্গে খুলনার সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্ট হয়।
/এইচকে/








