টাঙ্গাইলে ডাকাতি করে পালানোর সময় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার করা হয়েছে আরও ১০ ডাকাতকে।
সোমবার ভোররাত ৪টার দিকে সদর উপজেলার এনায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ওই ডাকাতের নাম মোস্তফা (৩৫)। তিনি মধুপুর উপজেলার শোলাকরি গ্রামের তফিল উদ্দিনের ছেলে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সদর উপজেলার এনায়েতপুরে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। রাতে র্যাবের একটি দল এনায়েতপুর এলাকায় টহল দিচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার একটি বাড়িতে ১১ জনের একটি ডাকাত দল হামলা চালায়। খবর পেয়ে র্যাবের টহল দলটি সেখানে অভিযান চালালে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য নিহত হয়।
/এনএস/এসএম/








