নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, গুলি ও এগারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) রাত ৯টার দিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার দুজন হলো– লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামের ইসমাইল মাঝির ছেলে খোকন ওরফে খোকন ডাকাত (৪৩) এবং চরগাজী ইউনিয়নের বয়ারচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে লিটন (২৮)।
র্যাব-৭, সিপিপি-১, ফেনী ক্যাম্পের ডিএমডি আহসানুল হকের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুখচর ইউনিয়নের চরঘাসিয়া মৌলভীর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকার আবদুর রহিম নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে খোকন ডাকাত ও লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি থ্রিএনথ্রি রাইফেল, একটি এসবিবিএল, একটি থ্রি-কোয়ার্টার এলজি, দুটি দেশীয় এলজি, ২২টি শর্টগানের কার্তুজ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্রের প্রভাব দেখিয়ে মেঘনা নদী ও চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আটকদের সন্ধ্যায় হাতিয়া থানায় জব্দ করা অস্ত্র-গুলি ও নগদ টাকাসহ হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। শনিবার তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।









