নারায়ণগঞ্জের বন্দরে পুকুর থেকে নুসরাত জাহান (৯) ও সামিয়া আক্তার (৯) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকালে ২৩নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহবুবা সাঈদ।
এর আগে সকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। দুই শিশু মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুই শিশু লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নূসরাত জাহান নজরুল মিয়ার এবং সামিয়া আক্তার সিরাজ মিয়ার মেয়ে। তারা উভয়ে নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই শিক্ষার্থী বাবা-মাকে না জানিয়ে পাশের বাড়ির হাবীব মিয়ার পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ সময় দূর থেকে পথচারীরা তাদের ডুবতে দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে বিকালে দিকে দুজনের নিথর দেহ উদ্ধার করেন। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।









