পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তিনদিনের সরকারি সফরে আজ মঙ্গলবার রিয়াদ যাচ্ছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়েরের আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সফরকালে বুধবার পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারিত পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তারা আলোচনা করবেন।
মাহমুদ আলী তার সফরকালে জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ৮ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। খবর বাসস।
/এসটি/








