বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালির বাজার গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে ভাইবোন গোসল করতে নেমে বোন নিখোঁজ হয়েছে। ঘটনার সাত ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ সুমির (১৩) সন্ধান মেলেনি।
সুমি ঢাকায় বসবাসকারী সুমন তালুকদারের মেয়ে এবং উপজেলার কালির বাজার গ্রামের জলিল সরদার তারা নানা। পঞ্চম শ্রেণির ছাত্রী সুমি ১৪ দিন আগে ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার তার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। সুমির বাবার বাড়ি উজিরপুরে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ২টার দিকে কালির বাজারের এলাকায় সন্ধ্যা নদীতে নেমে ভাইবোন গোসল করছিল। আকস্মিকভাবে সুমি নিখোঁজ হয়। ঘটনা শুনে সুমির নানাবাড়ির লোকজন সেখানে এসে খোঁজ করেন। কিন্তু সাত ঘণ্টা পেরিয়ে গেলেও সুমির সন্ধান মেলেনি।
বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সুমির সন্ধান করেও পাননি।









