বগুড়ায় সোমবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও অর্ধশত। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬০ জনে। যা রাজশাহী ও রংপুর বিভাগে সর্বোচ্চ। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জনগণ স্বাস্থ্যবিধি অমান্য করায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন– বগুড়া সদরের দেলোয়ার হোসেন (৬০), শাহানুর ইসলাম (৪০), বাবলী আকতার (৪৫), শেরপুর উপজেলার সুমন (৩৭) ও সিরাজগঞ্জের শাহজাহান আলী (৭০)। গত রবিবার ২৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৪৭ জন এবং সারিয়াকান্দি, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ার একজন করে রয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে ছয় জনের নমুনায় একজনের পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৩২৮ জন। আরও তিন জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা নয় হাজার ৮১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন। সূত্রটি আরও জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৬.৭২ শতাংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, বগুড়ায় জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ধরনের মেলা চলছে। এছাড়া ইসলামি জলসা, বিয়ে, পিকনিক, সভা-সমাবেশসহ সব ধরনের জনসমাগম অব্যাহত রয়েছে। মার্কেট ও অভিজাত বিপণিবিতানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। এসব মেলা ও অন্যান্য অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হয় না। ফলে এ জেলায় আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সচেতন জনগণ এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলার জনগণের মাঝে স্বাধ্যবিধি মেনে চলার প্রবণতা কমে গেছে। বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, মেলা ও জনসমাগম অব্যাহত রয়েছে। জনগণ মাস্ক ব্যবহার ছেড়ে দিয়েছে। এসব কারণে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে।









