জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজশাহী কলেজের অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে নগরীতে এসব কর্মসূচি পালিত হয়।
রাজশাহী কলেজের ৩য় বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সাহেব বাজার হয়ে আলুপট্টি ঘুরে পুনরায় কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউস সানি, একই বিভাগের শামসুজ্জোহা রিফাত, তুষার তানভীর, ব্যবস্থাপনা বিভাগের রুপোশ সালাম, রসায়ন বিভাগের মোহাম্মদ শরিফ, পরিসংখ্যান বিভাগের তীর্থ ব্যানার্জী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সেশনজট কমানোর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে পরীক্ষা গ্রহণের স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে। ১ বছরের কোর্স ছয় মাসে শেষ করার পরিকল্পনায় শিক্ষার্থীদের ফলাফল অনেক খারাপ হবে। কারণ কোর্স শেষ না হওয়ায় আমাদের পরীক্ষার প্রস্তুতি তেমন নেওয়া হয়নি। তাই আমরা এক মাসের জন্য পরীক্ষা পেছানোর জোর দাবি জানাচ্ছি।
একই দাবিতে বুধবার নগরীতে র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
/আরএ/








