সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশের ওপর হামলায় ঘটনায় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০) মার্চ বিকালে তাদের সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী এলাকা থেকে আসামিদের আটক করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন– সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে হোসেন আলী (৩৬), দত্তবাড়ী এলাকার কিসমত আলীর ছেলে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন (৫০), একই এলাকার ফিরোজ শেখের ছেলে আকাশ (২৪), চক কোবদাসপাড়া গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে আব্দুল জলিল (৫২), সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটাঙ্গা গ্রামের দ্বীন মোহাম্মাদ দুলাল চাকলাদারের ছেলে রাসেল হোসেন চাকলাদার (২০)।
এর আগে সোমবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার চক-কোবদাসপাড়া ও দত্তবাড়ী মহল্লায় ইউনাইটেড কনসোডিয়ামের মাধ্যমে হুন্দাই প্রজেক্ট (কাজীপুর নৌকাঘাট) এলাকায় সিসি ব্লকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে কাউন্সিলর হোসেন আলী এবং আওয়ামী লীগ নেতা বেলাল গংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বাঁধে। এতে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান ও তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনায় সোমবার রাতে সিরাজগঞ্জ ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুজ্জামান বাদী হয়ে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০-৫০ জনের নাম দিয়ে সদর থানায় মামলা দায়ের করেন।









