বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ-সভাপতি কেএম শহীদুল্লাহকে অস্ত্র ও গুলিসহ আটক করছে র্যাব-৮এর একটি দল। মঙ্গলবার রাতে আটকের পর গভীর রাতে তাকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
পুলিশ সূত্র জানায়, রাত ১১টায় নগরীর আলেকান্দা এলাকার নিজ বাসা থেকে কেএম শহীদুল্লাহ আটক হন। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র এবং গুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদে সে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি শাখাওয়াত হোসেন জানান,আমেরিকান তৈরি একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহকে থানায় সোপর্দ করেছে র্যাব। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে র্যাব-৮এর ডিএডি সিকদার আশরাফুর রহমান। বুধবার দুপুরে শহীদুল্লাহকে আদালতে পাঠানো হলে চিফ মট্রোপলিটান মেজিস্ট্রেট মো. আলী হাসেন তার জামিন আবদেন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে শহীদুল্লাহর শ্যালক আনোয়ার হোসেন বলেন, কেএম শহীদুল্লাহকে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে তুলে নেওয়া হয়।
প্যানেল মেয়র শহীদুল্লাহ নগরীর ১২ নম্বর ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিটি কর্পোরেশনে একবার প্যানেল মেয়র-১ ও দুইবার প্যানেল মেয়র-২ হিসেবে নির্বাচিত হয়েছেন।
/জেবি/এইচকে/








